‘তরুণরা সবসময় ঠিক নয়’, জেন জ়ি-কে কড়া বার্তা কপিল দেবের!

নিজস্ব সংবাদদাতা

দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের হাতে। কিন্তু সেই ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে আবেগের পাশাপাশি প্রয়োজন দায়িত্ববোধ, অভিজ্ঞদের প্রতি শ্রদ্ধা এবং অন্যের মতামত শোনার মানসিকতা। জেন জ়ি-সহ তরুণ প্রজন্মকে এমনই বার্তা দিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব।

তাঁর মতে, তরুণরা সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়, এমনটা ভাবার কোনও কারণ নেই। জীবনের অভিজ্ঞতা থেকে শেখা এবং প্রবীণদের পরামর্শকে গুরুত্ব দেওয়াও অত্যন্ত জরুরি। শুধু নিজের মতামতকে প্রাধান্য না দিয়ে অন্যের বক্তব্য শোনার অভ্যাস গড়ে তোলার উপরেও জোর দিয়েছেন তিনি।

কপিল দেবের বক্তব্য, দেশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সেই দায়িত্ব পালনের জন্য প্রয়োজন পরিণত চিন্তাভাবনা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাঁর কথায়, “আমাদের দেশ সুন্দর। এই দেশকে আমরা ভুল পথে যেতে দিতে পারি না।”

দিল্লিতে তরুণ প্রজন্মের আন্দোলন ঘিরে যখন নানা আলোচনা চলছে, তখন কপিল দেবের এই মন্তব্য নতুন করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাঁর বক্তব্যের মূল সুর, পরিবর্তনের দাবি তোলার অধিকার তরুণদের রয়েছে, কিন্তু সেই পরিবর্তনের পথে দায়িত্বশীল আচরণ এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

দেশের ভবিষ্যৎ নিয়ে তরুণদের ভাবনাচিন্তা ও সক্রিয় অংশগ্রহণকে আরও দায়িত্বশীল করে তোলার বার্তাই দিয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক।